ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সংস্কার চাই, তার জন্যই জনগণের নির্বাচিত পার্লামেন্ট চাইঃ ইকবাল হাসান মাহমুদ টুকু

জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাবনায় জনসমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আমরা সংবিধান সংস্কার চাই এবং এই সংস্কার করতেই আগে জনগণের নির্বাচিত সংসদ চাই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, তার মধ্যেই সব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।”

তিনি আরও বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সংস্কারের পথে এগিয়েছিলেন, আর ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী তারেক রহমানও সংস্কারের জন্য কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২:০০ ঘটিকা থেকে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ জনসমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি এ কে এম সেলিম রেজা হাবিব, কে. এম. আনোয়ারুল ইসলাম, মোখলেছুর রহমান বাবলু, জহুরুল ইসলাম বাবু, সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং পাবনা জেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সঞ্চালনা করেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

প্রধান বক্তা এড. সৈয়দ শাহীন শওকত খালেক, রাজশাহী বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক, বলেন, “দেশে কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না। জনগণই রাষ্ট্রের মালিক, তাই তাদের অধিকার নিশ্চিত করতে হবে।”

সমাবেশে হাবিবুর রহমান হাবিব বলেন, “পাবনা জেলা বিএনপি ঐক্যবদ্ধ। তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা সম্মিলিতভাবে এসব মোকাবিলা করব।”

শিমুল বিশ্বাস বলেন, “বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। তার নেতৃত্বেই আমরা স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলন করেছি, ভবিষ্যতেও যেকোনো আন্দোলনে তার সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”

বক্তারা আরও বলেন, “স্থানীয় নির্বাচন বা সংস্কারের নামে বর্তমান সরকারের মেয়াদ বৃদ্ধি করতে দেওয়া যাবে না। দেশকে সঠিক পথে এগিয়ে নিতে এবং ৩১ দফা বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর।”

সন্ধ্যা পর্যন্ত চলা এই জনসমাবেশ শেষে বিএনপির কেন্দ্রীয় শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!