ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াতে ভাড়া নৈরাজ্য রোধে পাবনায় ট্রাভেলস ও সিএনজির বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী, র্যাব ও পাবনা জেলা পুলিশ। সাথে ছিলো বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক।
অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় ও মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৮:০০ টা থেকে পাবনা শহরের বিভিন্ন বাস কাউন্টার, টার্মিনাল ও জালালপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, মাছরাঙা ট্রাভেলস টিকিটে মূল্য না লিখে প্রতারণা করায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সরকার ট্রাভেলসকে নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কিংস ট্রাভেলস নির্ধারিত ভাড়া ৬৩০ টাকার স্থলে ২০ টাকা বেশি আদায় করায় এবং বকশিশ নেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে।
এ ছাড়া বেড়া ও কাজিরহাটগামী দুটি সিএনজি অটোরিকশা ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। মহানগর ও রিলাক্স পরিবহন বাসে মূল্য তালিকা না থাকায় প্রতিষ্ঠান দুটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জালালপুরের বাক্সিপাড়া কাউন্টারে ৬৩০ টাকার ভাড়া ৭০০ টাকা নেওয়ার অভিযোগে দুটি কাউন্টারের বিরুদ্ধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
সব মিলিয়ে মোট ৭টি ট্রাভেলস প্রতিষ্ঠান ও ২টি সিএনজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, “ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও ভোগান্তিমুক্ত রাখতে আমরা নিয়মিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করছি। যাত্রী ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া প্রতিরোধে আমাদের অভিযান চলমান থাকবে।”
