নাটোরের বড়াইগ্রামের গাড়ফা গ্রামে সাত বছর বয়সী শিশু আকলিমা আক্তার জুইকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। এ জঘন্য অপরাধের তীব্র প্রতিবাদ জানিয়ে পাবনায় মানববন্ধন করেছেন সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সরকারি এডওয়ার্ড কলেজ শাখার ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনের প্রধান স্লোগান ছিল: “আমি জুই-এর খুনির বিচার চাই, ফাঁসি চাই” প্ল্যাকার্ড, পোস্টার আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকাটি। শিক্ষার্থীরা বলেন, “এ ঘটনা কোনো সাধারণ অপরাধ নয়; এটি আমাদের মানবতা, শিশু নিরাপত্তা ও নৈতিকতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।” তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই ঘৃণ্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আয়োজক সংগঠনের নেতারা জানান, বিচার বিলম্বিত হলে অপরাধীরা আইনের ফাঁক গলে পালিয়ে যেতে পারে—এমন শঙ্কা থেকেই তারা রাজপথে নেমেছেন। শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে তরুণ প্রজন্মকে জাগ্রত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পাবনা জেলা সভাপতি ওয়ালিউর রহমান ওলি, কলেজ শাখার দপ্তর সম্পাদক সিয়াম, সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) সরকারি এডওয়ার্ড কলেজ শাখার ছাত্রনেতা আশরাফুল এবং ইসলামী ছাত্রশিবিরের একই শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. বাকি বিল্লাহ, সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সকলের প্রতি আহ্বান জানান—”আর কোনো জুই যেন নির্মমতার শিকার না হয়, সেজন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।”
