ঢাকাশনিবার , ৩ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

“ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে” — শিমুল বিশ্বাস

জুবায়ের খান প্রিন্স , পাবনা:
মে ৩, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও দেশবরেণ্য শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, “গত সতেরো বছর ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে ছিলো এবং থাকবে।”

২ মে শুক্রবার বিকেল ৪ টায় পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে আশুতোষপুর স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক রমজান শেখ এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা মানিক।

শিমুল বিশ্বাস বলেন, “সরকার বিএনপির নেতাকর্মীদের উপর গুম, খুন, নির্যাতন, জেল-জুলুম চালিয়ে আসছে। এরপরও জনগণের অধিকার আদায়ে আমরা রাজপথে ছিলাম এবং আছি। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “গত সতেরো বছর ধরে একটি অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় থেকে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, দেশকে দেউলিয়া করে তুলেছে। জনগণের ঐক্যের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেই দেশকে গঠন করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, নূর মোহাম্মদ মাসুম বগা, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম মুসা, সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম লালু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান টুটুল বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা ও তত্ত্বাবধান করেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ হযরত আলী, সিরাজুল ইসলাম, আ. রহিম খান, রেজাউল করিম, আরমান খান, মিঠুন সর্দার, রুবেল খানসহ আরও অনেকে।

দোগাছী ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী এই কর্মীসভায় উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!