ঢাকাশুক্রবার , ৩০ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক সুরক্ষা আইন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এ্যাডভোকেট শিমুল বিশ্বাসের

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
মে ৩০, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, “শ্রমিকের ঘামে ভেজা শরীর দিয়ে গড়া আমাদের এই আধুনিক পৃথিবী। সভ্যতার প্রতিটি স্তরে শ্রমিকের অবদান অনস্বীকার্য হলেও, দুঃখজনকভাবে এখনো শ্রমিক সুরক্ষা আইন বাস্তবায়ন হয়নি।”

৩০ মে (শুক্রবার) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে পাবনা জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বিশ্বব্যাপী শ্রমিকেরা আজও নির্যাতিত ও নিপীড়িত। আমাদের দেশে শ্রমিকদের জন্য আইন থাকলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি। নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্য সুরক্ষা, ন্যায্য মজুরি—এই মৌলিক অধিকারগুলো আজও অধিকাংশ ক্ষেত্রেই অধরা। মে দিবসে একটি টি-শার্ট ও এক প্যাকেট বিরিয়ানি দিয়ে শ্রমিকের অধিকার পূরণ হয় না। আমাদের এই প্রতীকী দিবস উদযাপনের বাইরে গিয়েও শ্রমিকদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে।”

এ্যাডভোকেট শিমুল বিশ্বাস শ্রমিকদের উদ্দেশে বলেন, “এই অবস্থার পরিবর্তন আনতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সকল শ্রেণি-পেশার শ্রমিকদের জন্য আইনি সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমি সারাজীবন শ্রমিকদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আমি শ্রমিকদের জীবন সংগ্রাম খুব কাছ থেকে দেখেছি, তাদের কষ্টের কথা জানি।”

তিনি আরও বলেন, “আপনারা এগিয়ে আসুন, নিজেদের সমস্যা ও সম্ভাবনার কথা বলুন। আলোচনার মাধ্যমে আমরা সমাধানের পথ খুঁজে বের করব। আমি জানি, পাবনার শ্রমিক সংগঠনগুলোর নেতৃত্বে যারা আছেন, তারা যথেষ্ট যোগ্য ও কর্মঠ। তাদের উদ্যোগে আমরা অনেক দূর যেতে পারব।”

মতবিনিময় সভায় পাবনা জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা শ্রমিকদের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন: ফিরোজ খান – আহ্বায়ক, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন,

আমিরুল ইসলাম ইসহাক – সিনিয়র সহ-সম্পাদক, পাবনা জেলা ট্রাংকলরি শ্রমিক ইউনিয়ন,

মোঃ শহিদুল্লাহ – সাবেক সভাপতি, পাবনা জেলা ট্রাংকলরি শ্রমিক ইউনিয়ন,

পাভেল হাসান – আহ্বায়ক, পাবনা জেলা রিকশাচালক ইউনিয়ন,

মোঃ সেলিম হোসেন – সভাপতি, পাবনা জেলা সেলুন ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন,

মোঃ বারিক – সভাপতি, পাবনা জেলা মোটর মেকানিক শ্রমিক ইউনিয়ন,

মোঃ শামীম হোসেন – সাধারণ সম্পাদক, জেলা বিড়ি মজুর ইউনিয়ন,

মোঃ আব্দুর রাজ্জাক – সদস্য, পাবনা জেলা জুয়েলারি মালিক সমিতি,

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান মাস্টার, সাবেক দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহ্বায়ক এসকে সাগর এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সভায় শ্রমিক নেতারা সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও শ্রমিক সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং পরবর্তীতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!