বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, এই দেশের মানুষ স্বাধীনতা বিরোধীদেরর কখনো ক্ষমতায় আসতে দেবেনা। জাতির কাছে ক্ষমা চেয়ে আসতে হবে। বিএনপি দুঃসময়ে নিজের পেটের মধ্যে আগলে রেখেছিলো বিধায় জামায়াত এখন রাজনীতি করতে পারছে।
জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এমন কোন ক্ষমতা হয়নি যে নিজেরা একাই ক্ষমতায় চলে আসবেন। বিএনপি ছাড়া একা নির্বাচন করে দেখেন কয়টা সিট পান। এই আটঘরিয়াতে জামায়াতের নেতারা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা করেছে। নেতাকর্মীদের উপরে হামলা করে তাদের আহত করেছে। দলীয় কার্যালয়ে জিয়াউর রহমান, বেগম জিয়া, তারেক রহমানে ছবি সহ মোটরসাইকেল ভাংচুর করেছে। এর পরে স্থানীয় মসজিদের মাইকে মিথ্যা ঘোষনা দিয়ে নিজেদের দলভারি করেছেন। বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলেছেন। তার জন্য ক্ষমা আপনাদের চাইতে হবে।
তিনি আরো বলেন, নিজেরা নিজেদের দলীয় কার্যালয়ে আগুন দিয়ে কোরআন শরিফ পুড়িয়ে বিএনপির নামে মিথ্যাচার করেছেন। কোন মিথ্যাবাদীর পিছে নামাজ হবেনা। তাই আমি বলেছি এই আটঘরিয়া অঞ্চলের মসজিদের ইমাম নামাজ ও মুয়াজ্জিন আযান দিতে পারবেনা। কারন তাদের পিছে নামাজ হবে না। তাই এই আটঘরিয়ায় জামায়াত ইসলামের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিবেন না। এর পরে যদি কোন অন্যায় কাজ করেন তাহলে আপনাদের উচিৎ জবাব দেয়া হবে।
শনিবার (৩১ মে) বিকেলে পাবনার আটঘরিয়ার দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতা হাবিব উপরোক্ত কথাগুলো বলেন।
আটঘরিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির আহবায়ক মো: আতাউর রহমান রানার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান আলী, আটঘরিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আছিন উদ্দিন, শফিউদ্দিন শেখ, পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস শেখ, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন বাবু, বিএনপি নেতা রফিকুল ইসলাম হেলাল, রবিউল ইসলাম রবি, জুল ফিকার হায়দার রাঙা, নুর মোহাম্মদ খোকন প্রমুখ।
অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকার কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
