নাটোরের লালপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনা এক বৃদ্ধের মৃত্যু ও ১৪ জন পোশাক শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে ৩জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) উপজেলার উধনপাড়া ও পালিদেহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাজ আলী (৭৮) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের মৃত সুলতান মন্ডলের বড় ছেলে ও আহতরা পাবনার ঈশ্বরদী ইপিজেডে কর্মরত শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন মুনতাজ আলী। এ সময় লালপুর থেকে বাঘাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৫৮০০৪) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই মকবুল হোসেন।
অপর দিকে উপজেলার লালপুর থেকে ঈশ্বরদী ইপিজেডে যাওয়ার পথে কর্মরত শ্রমিকদের পরিবহনকারী ইঞ্জিন চালিত ভ্যান অপর একটি ইঞ্জিন চালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে উভয় ভ্যানের ১৪ জন পোশাক শ্রমিক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আফসানা খাতুন (২২), মিতা খাতুন (২৩) ও লিমন (২৪) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
লালপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। ইঞ্জিন চালিত দুটি ভ্যান ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।
