ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে পাবনায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও পথসভা

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
জুলাই ১৫, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনের ‘নীরব ভূমিকা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইয়ামিন খান। সার্বিক পরিচালনায় ছিলেন সদস্য সচিব কোমল শেখ টিটু। রাজশাহী বিভাগীয় প্রধান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

মিছিলটি শহরের বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পরে সেখান থেকে মিছিলটি পুনরায় কার্যালয়ে ফিরে গিয়ে বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

পথসভায় বক্তারা বলেন, “দেশে পরিকল্পিতভাবে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। জনগণের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার প্রশাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবো।”

তারা আরও বলেন, “স্বৈরাচারের বিরুদ্ধে যেমন ঐক্যবদ্ধভাবে আন্দোলন হয়েছে, তেমনি স্বাধীনতাবিরোধী রাজাকার চক্র ও দুঃশাসনের বিরুদ্ধে এই আন্দোলন চলমান থাকবে। কোনো ষড়যন্ত্রকে বরদাস্ত করা হবে না।”

বক্তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের আরও সচেতন, সংবেদনশীল ও সংগঠিত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!