ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

৮ দফা দাবিতে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জুলাই ২১, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

৮ দফা দাবির প্রেক্ষিতে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে লাগাতার অসহযোগ আন্দোলনে নেমেছে।

 

সোমবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে কলেজের মূল প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে এই কর্মসূচির সূচনা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে নানা সমস্যা ও অব্যবস্থাপনার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। প্রশাসনের নীরব ভূমিকা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় তারা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে:
১. ইয়ার ড্রপ সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকতা নিশ্চিত করা।
২. কারিকুলাম সংক্রান্ত পর্যাপ্ত তথ্য ও দিকনির্দেশনা প্রদান।
৩. নির্ধারিত সময়সীমার মধ্যে পরীক্ষা ফলাফল প্রকাশ করা।
৪. গ্রেডশিটসহ ফলাফল প্রকাশের ব্যবস্থা গ্রহণ।
৫. নির্দিষ্ট সময়ের মধ্যে সেমিস্টার সম্পন্ন করার জন্য সময়সূচি নির্ধারণ।
৬. সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা চালু এবং বিকল্প পরীক্ষা পদ্ধতির প্রবর্তন।
৭. শিক্ষক সংকট নিরসন এবং যথাযথভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী শিক্ষক নিয়োগ।
৮. শিক্ষা ব্যবস্থার কাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা প্রতিষ্ঠা।

কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার বখতিয়ার হোসেন বলেন, “শিক্ষার্থীদের দাবিসমূহ ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যেসব দাবি যৌক্তিক, সেগুলোর বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে আসার অনুরোধ করছি। আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব।”

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, শুধুমাত্র আশ্বাসে নয়— লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসবেন না। আন্দোলনের ফলে কলেজের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে ব্যাহত হয়েছে।

উল্লেখ্য, পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধিভুক্ত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। দেশের টেক্সটাইল খাতে দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে এ কলেজের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও, দীর্ঘদিন ধরে নানাবিধ সমস্যার কারণে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!