ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন শিক্ষার্থীদের মাঝে শিমুল বিশ্বাসের গাছের চারা বিতরণ

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
জুলাই ২৩, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এবি ট্রাস্টের উদ্যোগে শুরু হলো সামাজিক বনায়ন কর্মসূচি। ২৩ জুলাই, বুধবার সকাল ১১টায় পাবনার পুরান কুটিপাড়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম।

এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা, বন বিভাগ ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর জেলা বৈজ্ঞানিক কর্মকর্তা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। এ ছাড়া সমাজসেবামূলক সংগঠনগুলোর মধ্যেও গাছের চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের এ উদ্যোগ ভবিষ্যতের জন্য একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শিমুল বিশ্বাস বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা আগামী প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে চাই। এবি ট্রাস্ট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতীকী বৃক্ষরোপণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন এবং সবুজায়নের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক বক্তব্যও প্রদান করা হয়।

উল্লেখ্য, এবি ট্রাস্টের এ সামাজিক বনায়ন কর্মসূচি একটি চলমান প্রক্রিয়া, যার মাধ্যমে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালিত হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!