পাবনায় তিনজন নিহত এবং একাধিক যাত্রী গুরুতর আহত হওয়া চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনার মামলার প্রধান আসামি — পাবনা এক্সপ্রেসের চালক মোঃ সানোয়ার হোসেনকে (৪৬) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৪ জুলাই ২০২৫, ভোর ৫টা ৪৫ মিনিটে পাবনা জেলার আতাইকুলা থানার বনগ্রাম পূর্বপাড়া এলাকায় ঢাকা-পাবনা আঞ্চলিক মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮১) বেপরোয়া গতিতে নিজ লেন ছেড়ে উল্টো পথে এসে বিপরীতমুখী একটি ট্রাকের (রেজিঃ ঢাকা মেট্রো-ট-২০-৩৪৩৮) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী মারা যান এবং ৭-৮ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। এ দুর্ঘটনা স্থানীয়ভাবে এবং জাতীয় পর্যায়েও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় আতাইকুলা থানায় ৫ জুলাই দায়েরকৃত মামলা (নম্বর: ০৫/২০২৫) অনুযায়ী ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯২(১)/৯৮/১০৫ ধারায় মামলা রুজু করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে, আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে ও হাইওয়ে পুলিশের একটি চৌকস দলসহ ২৬ জুলাই সকাল ৯:৩৫ মিনিটে সদর থানার ডাকবাংলা হাজীর মোড় এলাকা থেকে মূল অভিযুক্ত চালক সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার শিবপুর (মূলগ্রাম) গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত আরও জোরদার করা হচ্ছে এবং দুর্ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে।
