বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন না দিলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো অন্তর্বর্তীকালীন সরকারেরও দেশ ছেড়ে পালাতে হবে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ঈশ্বরদীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিজয় মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের আগে ড. মুহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা সারা বিশ্বের মানুষের কাছে ছিল। কিন্তু দায়িত্ব গ্রহণের পর বহির্বিশ্বের কোনো দেশ অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে এ সরকারকে সহযোগিতার হাত বাড়ায়নি অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ বিশ্বাস করে না, কারণ এরা কখন থাকবে কখন যাবে কেউ জানে না।

তিনি বলেন, আজ নতুন নতুন দল বিএনপির বিরুদ্ধে আঙুল তুলে কথা বলে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা করেই চলেছে। আমরা অনেক সহ্য করেছি।
আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। বিএনপিকে কটূক্তি করে কথা বললে তার উচিত জবাব দেওয়া হবে। এ সরকারের উচিত জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের সম্মানিত করে তাদের পরিবারকে পুনর্বাসিত করা এবং হত্যাকারী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনীর বিচার করা।
সমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, সাবেক সহ-সভাপতি ও সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক সুলভ মালিথা, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম শাহীন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়নসহ অন্যরা।
এর আগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শহরের পোস্ট অফিস মোড় হতে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি ঈশ্বরদী রেলগেট, স্টেশন রোড হয়ে পুরাতন বাস টার্মিনালে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
