নাটোরের লালপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানী ও নাতির মৃত্যু হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাদিপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে মানু খাতুন (৫৫) ও তার নাতি আল আমিন (৮)। আল আমিনের একই উপজেলার পালিদাহ গ্রামের ফারুক হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, দুপুরে মানু খাতুন নাতিকে নিয়ে পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিকেল সাড়ে ৩টার দিকে খোঁজ নিতে পুকুরপাড়ে যান। সেখানে মানু খাতুনকে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা ওই একই পুকুরে পানিতে নেমে খোঁজাখুঁজি করে শিশুটি আল আমিনের লাশও উদ্ধার করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুজ্জামান জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এব্যপারে লালপুর থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে।
