পাবনায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও তিনটি ককটেলসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ আগস্ট) রাত ১১টা ১৫ মিনিটে সদর থানার রামচন্দ্রপুর মন্ডলপাড়া ঈদগাহ ময়দানের প্রধান গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃতের নাম মো. শরীফ ওরফে গুটে শরীফ (৩৮), পিতা— মো. জয়নাল, সাং— দক্ষিণ রামচন্দ্রপুর (বাংলা বাজার হাউসিপাড়া), জেলা— পাবনা।
পুলিশ জানায়, তল্লাশির সময় শরীফের কোমরের পিছনে গুঁজে রাখা অবস্থায় একটি আট চেম্বার বিশিষ্ট .২২ ক্যালিবার রিভলভার উদ্ধার হয়, যাতে .২২ বোরের সাতটি সচল লিথাল কার্তুজ লোড ছিল। অস্ত্রটির ব্যারেলের এক পাশে খোদাই করা “MADE IN PAKISTAN” লেখা রয়েছে। মাপ অনুযায়ী, রিভলভারটির মোট দৈর্ঘ্য ৭.৭৫ ইঞ্চি, ব্যারেল ৫ ইঞ্চি ও কাঠের বাটের দৈর্ঘ্য ০.৫০ ইঞ্চি।
এ ছাড়া, তার জিন্স প্যান্টের পিছনের ডান পকেট থেকে তিনটি মাঝারি আকারের ককটেল সদৃশ বিস্ফোরক উদ্ধার করা হয়— যার মধ্যে দুটি কালো এবং একটি লাল রঙের কসটেপে মোড়ানো ছিল।
ঘটনার পর উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পাবনা সদর থা
নায় ১৮৭৮ সালের Arms Act-এর ১৯(A)/১৯(F) ধারা এবং ১৯০৮ সালের Explosive Substances Act-এর ৩/৪ ধারা অনুযায়ী মামলা (নং-৩২, তারিখ ১৩ আগস্ট ২০২৫) দায়ের হয়েছে।
