কাতার পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঈশ্বরদী পৌর সভাপতি আবির হাসান শৈশব (২৭)।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) দুপুরে পাবনা জেলা আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আব্দুর নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে গুলির ঘটনায় করা মামলার এজাহারনামীয় আসামি শৈশব। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার তিনি কাতারগামী ফ্লাইটে ঢাকা থেকে দেশ ছাড়ার চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ঈশ্বরদী থানা পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) এ বি এম মনিরুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে যুবদল কর্মীদের লক্ষ্য করে গুলির মামলার বেশ কয়েকজন আসামির নাম আদালতের নির্দেশে ইমিগ্রেশনে পাঠানো হয়েছিল। যাতে তারা বিদেশে পালাতে না পারে। শৈশব সেই তালিকায় ছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচিতে যুবদল কর্মী নজরুল ইসলাম গুলিবিদ্ধ হন। তিনি বাদী হয়ে প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলেসাবেক এমপি গালিবুর রহমান শরীফকে প্রধান আসামি করে ৭১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। আবির হাসান শৈশব ওই মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামি।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এমপির নাম ভাঙিয়ে শৈশব এলাকায় সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলদারীর মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
