বিএনপি ক্ষমতায় গেলে পাবনার বেড়া–সাঁথিয়াকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ও সাংবাদিক এম এ আজিজ।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে পাবনা-১ আসনের বিভিন্ন এলাকায় বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ অঙ্গীকার করেন।
মনোনয়ন প্রত্যাশী এম এ আজিজ বলেন, “পাবনা-১ আসনে দীর্ঘদিন জোটগত রাজনীতির কারণে ধানের শীষে ভোট দিতে পারেননি বিএনপি নেতাকর্মীরা। দলের হাইকমান্ডের নির্দেশে আমি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছি।”
সকালে সাঁথিয়া উপজেলার পাটগাড়ী গ্রামে নিজের বাড়ি থেকে এক বিশাল মোটর শোভাযাত্রা বের করেন কর্মী-সমর্থকরা। শোভাযাত্রাটি বেড়া ও সাঁথিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পথসভা করে।
পথসভায় এম এ আজিজ আরও বলেন, “বেড়া-সাঁথিয়া বিএনপির ঘাঁটি। এখানকার মানুষ ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। গত ১৭ বছর ধরে আমি গণমাধ্যমে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন ও স্বৈরাচারী সরকারের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার থেকেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি প্রার্থী হতে চাই। মনোনয়ন পেলে আসনটি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারব।”
এ সময় তিনি স্থানীয় মানুষের হাতে বিএনপির সুশাসন ও উন্নয়ন পরিকল্পনা সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন। প্রচারণা সভায় স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
