বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে পাবনা শহরের লাইব্রেরি বাজারস্থ জেলা কার্যালয় থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খানের নেতৃত্বে শোভাযাত্রায় সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে গিয়ে সমবেত হয়। পরে আবারও শোভাযাত্রাটি আব্দুল হামিদ সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক, সদস্য সচিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এ সংগঠন গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনতার অধিকার আদায়ে অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বক্তারা বর্তমান সরকারের ‘দমন-নিপীড়ন’ মোকাবেলায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
