ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় মাদকবিরোধী অবস্থানের জেরে যুবদল নেতা পাভেলকে হত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি:
আগস্ট ২৪, ২০২৫ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা মেহেদী মাসুদ পাভেল (৩৫) নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে ইউনিয়নের ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন একই এলাকার সজীব মোল্লা ওরফে ইমরান (২৪)।

নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মোসলেম মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আহত ইমরান আব্দুর সবুর মোল্লার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা ও পূর্ববিরোধ নিয়ে জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামাণিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে পাভেলের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে রাত ১০টার দিকে বাজারে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করে। হাসপাতালে নেওয়ার পথে পাভেল মারা যান।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, “পাভেল নিয়মিত নামাজ আদায় করতেন, ভালো ছেলে ছিলেন। এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, “পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!