পাবনার ঈশ্বরদীতে শারমিন আক্তার লিমা (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিমা ওই এলাকার আশিকুর রহমান শাওনের স্ত্রী। ঘটনার পর পুলিশ লিমার স্বামী শাওনকে গ্রেফতার করেছে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাকিউল আযম জানান, নিহতের শ্বশুরবাড়ির লোকজনের দাবি অনুযায়ী লিমা সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, প্রায় আট বছর আগে লিমার বিয়ে হয় শাওনের সঙ্গে। দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই পারিবারিক বিরোধের জের ধরেই লিমা আত্মহত্যা করেছেন।
অন্যদিকে নিহতের বাবার বাড়ির লোকজন অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে লিমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল শাওন ও তার পরিবার। তারা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
ইনচার্জ সাকিউল আযম বলেন, “আমরা ঘটনাটি তদন্ত করছি। মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।”
