বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত ও সন্দিগ্ধ তিন আসামিকে গ্রেফতার করেছে পাবনা সদর থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পাবনা সদর থানার অফিস সূত্রে জানা যায়, মামলা নং-০৫, তারিখ ১১ আগস্ট ২০২৪, ধারা১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩২৬/৩০২/১১৪/৩৪ পেনাল কোডে এজাহারভুক্ত আসামি—মোঃ সাজেদুর রহমান শান্ত (২৭), মালঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি পাবনা সদর থানাধীন নলমুড়া এলাকার বাসিন্দা।
মোঃ ইফতে রাফাত সিয়াম (২৪), সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি শালগাড়ীয়া এলাকার বাসিন্দা।
এছাড়া, মামলা নং-৪৭, তারিখ ৩০ আগস্ট ২০২৪, ধারা ১৪৩/১৪৭/৩০৭/৩২৩/৩২৬/৫০৬/১১৪/৩৪ পেনাল কোডে তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে—মোঃ মারুফ মল্লিক (২২), মালঞ্চি ইউনিয়ন ছাত্রলীগ কর্মী। তিনি সদর উপজেলার বাড়াদী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় পাবনা সদর থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের ৪ আগস্টে পাবনায় সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় একাধিক মামলা দায়ের হয়। সেইসব মামলারই গ্রেফতার এজাহারভুক্ত ও সন্দিগ্ধ আসামি এরা।
