গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাবনায় এবি ট্রাস্টের উদ্যোগে এবং বসুন্ধরা শুভসংঘের সহযোগিতায় ১০০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার কুঠিপাড়া আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ট্রাস্টের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবুল বিশ্বাস। সঞ্চালনা করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক মিলন, পাবনার শহীদ সরকারি বুলবুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. বাহেজ উদ্দিন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান রয়েল বিশ্বাস, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, সূচনা সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পূর্ণিমা ইসলাম এবং পাবনা পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফ প্রমাণিক।
বক্তারা বলেন, গ্রামীণ নারীরা প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ পেলে পরিবার ও সমাজে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেন। এ ধরনের কার্যক্রম নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পাবনা সদর উপজেলার বিভিন্ন গ্রামের নারীরা উপস্থিত ছিলেন এবং সেলাই মেশিন হাতে পেয়ে তারা আনন্দ প্রকাশ করেন।
