ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
অক্টোবর ৮, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা শহরের আঃ হামিদ রোডের একটি আবাসিক হোটেল থেকে স্বাধীন সরকার (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে হোটেলে উঠেছিলেন তিনি। পরদিন বুধবার (৮ অক্টোবর) সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর স্বাধীন সরকার হোটেল নিউ রয়েল প্যালেসের ২০১ নম্বর রুম বুক করেন। বুধবার সকালে দীর্ঘ সময় রুম থেকে কোনো শব্দ বা নড়াচড়া না পেয়ে হোটেল বয় রাহাত একাধিকবার দরজায় নক করেও কোনো সাড়া পাননি। পরে বিষয়টি হোটেল ম্যানেজারকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন।

খবর পেয়ে পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সাংবাদিক ও হোটেল স্টাফদের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে ফ্যানের সঙ্গে স্বাধীন সরকারের ঝুলন্ত দেহ দেখতে পান পুলিশ সদস্যরা।

পরে প্রাথমিক তদন্ত শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, নিহত স্বাধীন সরকার সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গজাইল গ্রামের গাজী শাহজাহানের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

ওসি আরও জানান, “নিহতের ভায়রা জানিয়েছেন, মঙ্গলবার রাতে স্বাধীন ও তাঁর স্ত্রীর মধ্যে ফোনে ঝগড়া হয়েছিল। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।”

পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!