ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আধুনিক পরিচ্ছন্ন নগরায়নের পথে পাবনা পৌরসভা

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
অক্টোবর ১২, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঐতিহ্যবাহী পাবনা পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করতে একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে পৌর প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের গাছপাড়া এলাকায় রাস্তার মাঝখানে গাছ লাগিয়ে সবুজায়ন ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বর্তমান পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন,“পাবনা পৌরসভা দেশের প্রাচীনতম একটি প্রতিষ্ঠান। এটিকে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব নগরীতে রূপান্তরের জন্য ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, আধুনিক সড়কবাতি স্থাপন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এগুলো বাস্তবায়িত হলে পাবনার নগরচিত্র আমূল বদলে যাবে।”

বক্তারা আরও বলেন, গাছ লাগানো কেবল পরিবেশ রক্ষার বিষয় নয়, এটি পরিচ্ছন্নতা, সৌন্দর্যবোধ ও নাগরিক সচেতনতার প্রতীক। সম্মিলিত প্রচেষ্টায় পাবনা পৌরসভা হয়ে উঠতে পারে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সবুজ নগরীর অনন্য দৃষ্টান্ত।

অনুষ্ঠানে পৌর কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!