ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে আওয়ামী লীগ নেতার ছেলে সহ হ্যাকার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি :
অক্টোবর ২৪, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোরের লালপুরে আওয়ামীলীগ নেতার ছেলেসহ তিন হ্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত দেড়টার দিকে মাদক ও সাইবার অপরাধ দমনে পরিচালিত এক বিশেষ অভিযানে উপজেলার পানসিপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের ছেলে নওপাড়া গ্রামের মো. সাইফুল ইসলাম তুহিন (২২), পানসিপাড়া গ্রামের বাচ্চু মণ্ডলের ছেলে আ. আল বায়েজিদ (২০) এবং মো. সোলেমানের ছেলে মো. নাজমুল আলী (২০)।

লালপুর থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের একটি অভিযানিক দল ওই এলাকায় মাদক ও হ্যাকিংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাচ্চু মণ্ডলের বাড়ির সামনের এক আমবাগানে মাদক সেবন ও হ্যাকিং কার্যক্রম পরিচালনার সময় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিকাশ ও নগদের গোপন পিন নম্বর জালিয়াতি, ব্যাংক রিসিট প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও ইমু আইডি হ্যাক এবং মেয়েদের কণ্ঠ নকল করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।
এসময় তাদের কাছ থেকে ৬টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন, ২৩টি মোবাইল সিম কার্ড, ১৯টি ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে হ্যাকিংয়ের বিভিন্ন সরঞ্জাম ও মাদক উদ্ধার করা হয়েছে। সাইবার সুরক্ষা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!