পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে ভ্যানচাপা পড়ে দুই স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–পাবনা মহাসড়কের বাঙ্গাবাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী তাসনিয়া আক্তার ও আবু তোহা, এবং ভ্যানচালক আকরাম হোসেন। আহত অবস্থায় পাবনা সদর উপজেলার মধুপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাদ হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিক্ষার্থীদের নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি পুষ্পপাড়া থেকে গয়েশপুর জালালপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা বাঁশবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি গাড়িকে বাঁচাতে হঠাৎ ব্রেক করলে ট্রাকটি উল্টে ভ্যানের ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও ভ্যানচালক মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি জব্দ করে। তবে চালক ও তার সহকারী পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। আহত একজন চিকিৎসাধীন রয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যুর খবরে তাদের পরিবার ও বিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী দুর্ঘটনার জন্য দ্রুতগতি ও বেপরোয়া চালনাকেই দায়ী করছেন।
নিহতদের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
