ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

দক্ষ জনশক্তি গড়তে প্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই — শিমুল বিশ্বাস

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
অক্টোবর ৩০, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

“বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে প্রযুক্তিগত শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষ জনশক্তি গড়তে হলে শিক্ষার্থীদের প্রযুক্তি ও দক্ষতায় পারদর্শী হতে হবে”— এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় পাবনা গোপালচন্দ্র ইনস্টিটিউশনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা ও কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তিনি।

শিমুল বিশ্বাস বলেন, “আমি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে গর্ব অনুভব করি। এ বিদ্যালয় আমার ভিত্তি গড়ে দিয়েছে। তাই এর উন্নয়নে আমি সবসময় পাশে থাকব। শিক্ষার্থীদের উদ্দেশে বলব—তোমরাই ভবিষ্যতের বাংলাদেশ, তোমরাই এই দেশের নেতৃত্ব দেবে। কেবল চাকরির পেছনে না ছুটে নিজেদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে হবে। দেশের ভেতর ও বাইরে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বাড়ছে; তাই প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী আনিসুল হক বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “দেশকে উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থী, অভিভাবক ও সমাজ—সবার মিলিত ভূমিকা রাখতে হবে। প্রযুক্তির ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে, যেন তারা পরিবার ও রাষ্ট্রের গর্ব হয়ে উঠতে পারে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ.কে.এম মুসা, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাছুম বগা, সাবেক যুগ্ম সম্পাদক মোসাব্বির হোসেন সঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মুরাদ, জেলা বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন স্বপনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে কম্পিউটার তুলে দেওয়া হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!