ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় নান্না বিরিয়ানি হাউসে এঁটো খাবার বিক্রির অভিযোগে ভোক্তা অধিকারের অভিযান

জুবায়ের খান প্রিন্স, পাবনা :
নভেম্বর ৫, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

এঁটো ভাত মাখানো ও হোটেলের ডাস্টবিনের মাংস পুনরায় বিক্রি — হাতেনাতে ধরা পড়ল নামিদামি রেস্তোরাঁ।

পাবনা শহরের এআর প্লাজা ও এআর কর্ণার মার্কেটের মাঝামাঝি অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ ‘পুরাতন নান্না বিরিয়ানি হাউস’-এর ভয়াবহ খাদ্য প্রতারণা ধরা পড়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান মাহমুদ রনি নেতৃত্বাধীন টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে প্রতিষ্ঠানটির রান্নাঘর ও সংরক্ষণাগারে নোংরা পরিবেশ, মানুষের এঁটো খাবার, ডাস্টবিনে ফেলা মাংস ও অবিক্রিত ভাত মাখানো রোস্ট একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ করে পুনরায় প্রসেস করে বিক্রির প্রস্তুতি নিতে দেখা যায়। এমন জঘন্য ও স্বাস্থ্যবিধিবহির্ভূত কর্মকাণ্ড হাতেনাতে ধরা পড়ে।

ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, এই রেস্তোরাঁর বিরুদ্ধে এর আগেও অনিয়ম ও প্রতারণার অভিযোগে জরিমানা করা হয়েছিল। তবুও তারা একই ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত সাধারণ মানুষ বিষয়টি জানতে পেরে রেস্তোরাঁটি বন্ধ ও মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এমন অভিযান অব্যাহত রাখা এবং আগামিতে আবারও কোন অনিয়ম পেলে রেস্তোরাটি সিলগালা করার আশ্বাস দিয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!