সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনায় সহযোগী অধ্যাপক খো. সিরাজুল ইসলাম মুরাদের বিরুদ্ধে অনৈতিক আচরণ ও কুকীর্তির অভিযোগে ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে কলেজ প্রশাসন তাকে বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।
রবিবার (৯ নভেম্বর ২০২৫) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। পরে অধ্যক্ষের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করা হলে, বিকেলে একাডেমিক কাউন্সিলের সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক অধ্যক্ষ অফিস আদেশ জারি করেন।
অফিস আদেশ নম্বর সএক/১১২৭-এ উল্লেখ করা হয়েছে— শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা না পাওয়া পর্যন্ত খো. সিরাজুল ইসলাম (সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ) কলেজের একাডেমিকসহ বিভাগের সব কার্যক্রম থেকে বিরত থাকবেন।

অফিস আদেশে অধ্যক্ষের স্বাক্ষর রয়েছে এবং তা ৯ নভেম্বর থেকেই কার্যকর হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অনুলিপি প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সহযোগী অধ্যাপক মুরাদের কিছু অডিও-ভিডিও ফাঁস ও কয়েকজন ছাত্রীর অভিযোগ কলেজজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা দেশের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি, যেখানে সম্প্রতি শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত এ ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
