পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ হোসাইন মোহাম্মদ জিৎ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাতে পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাবমোড় এলাকায় ডিবি পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত যুবক ওই এলাকার লালু মালিথার ছেলে।
ডিবি সূত্র জানায়, পাবনা জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমানের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। ডিবি ইনচার্জ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) অসিত কুমার বসাক, এসআই (নি.) বেনু রায় (পিপিএম), এসআই (নি.) আব্দুল লতিফসহ একটি টিম অভিযানে অংশ নেয়।
অভিযানের সময় হোসাইন মোহাম্মদ জিৎ -এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি ওয়ান শুটারগান এবং দশ চেম্বারবিশিষ্ট একটি রিভলভার উদ্ধার করে। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯ (এ) ধারায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান জানান, মামলাটি তদন্তের জন্য গ্রেপ্তার জিৎ বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।
