বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনে বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা দলের প্রার্থী হবেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, খালেদা জিয়ার মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। তাঁর তিনটি আসনে যারা বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের মনোনয়ন বৈধ হলে তারা বিএনপির প্রার্থী হবেন। তিনি আরও বলেন, আইনের কারণে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই।
দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান একজন শক্তিশালী রাজনৈতিক নেতা। যত শোকই থাকুক, জাতির স্বার্থে তাকে দৃঢ় থাকতে হবে।
উল্লেখ্য, খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে দলের প্রার্থী হওয়ার কথা ছিল। তবে অসুস্থতার কারণে এসব আসনে বিকল্প প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। ফেনী-১ আসনে বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম।
খালেদা জিয়ার মৃত্যুর পর তারা এখন এই তিন আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
