হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনা। আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি, আগের দিন শনিবার ৯ ডিগ্রি, আর শুক্রবার (২ জানুয়ারি) ৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
মৃদু শৈতপ্রবাহের কারণে খেটে খাওয়া মানুষরা আরও বিপাকে পড়েছেন। সকাল থেকে সূর্যের দেখা না পাওয়ায় তারা ঠিকমতো কাজে যেতে পারছেন না। দুপুরের পর কুয়াশা কেটে রোদ উঠলেও তেজ নেই, ফলে শীত কমছে না।
ছিন্নমূল ও দরিদ্র মানুষরা শীতবস্ত্রের অভাবে কষ্টে আছে। তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অন্যদিকে, শীতের কারণে হাসপাতালগুলোতেও ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে।
পাবনা জেনারেল হাসপাতালের হিসাবরক্ষক সোহেল রানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নিউমোনিয়া ও ডায়রিয়ার কারণে অন্তত ৬০ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা সবচেয়ে বেশি।
