ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমালো সরকার

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
জানুয়ারি ৮, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

এলপি গ্যাস আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ও কর কাঠামো পুনর্নির্ধারণ করেছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, আমদানি করা এলপিজির ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং স্থানীয় পর্যায়ে উৎপাদিত এলপিজির ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

এলপি গ্যাসের ক্রমবর্ধমান সংকট ও বাজারে মূল্য অস্থিরতার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এলপি গ্যাস আমদানির ক্ষেত্রে ব্যাংক ঋণ প্রাপ্তি এবং এলসি (ঋণপত্র) খোলার প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগও নেওয়া হয়েছে।

একই দিনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বর্তমান পরিস্থিতি বিবেচনায় এলপি গ্যাসকে ‘গ্রিন ফুয়েল’ হিসেবে গণ্য করে কর কাঠামো পুনর্বিন্যাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি পাঠায়। পাশাপাশি এলপিজি আমদানির জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোতে ঋণ সুবিধা ও এলসি খোলার আবেদন অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছেও চিঠি দেওয়া হয়।

এনবিআরকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, দেশে ব্যবহৃত মোট এলপি গ্যাসের প্রায় ৯৮ শতাংশই বেসরকারি খাতের মাধ্যমে আমদানি করা হয়, যা শিল্প ও গৃহস্থালি উভয় খাতেই ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সাধারণত শীত মৌসুমে আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দেশে পাইপলাইন প্রাকৃতিক গ্যাসের সরবরাহ হ্রাস পাওয়ায় এলপি গ্যাসের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। চলতি শীত মৌসুমেও এর ব্যতিক্রম হয়নি, ফলে বাজারে তীব্র সংকট দেখা দিয়েছে এবং এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ ভোক্তাদের ওপর।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!