আনুষ্ঠানিক প্রচারণা শুরু, দুই আসনে প্রতীক ২৭ জানুয়ারি-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে প্রতিদ্বন্দ্বী ১৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়। একই দিন দুপুর ২টা থেকে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করার অনুমতি দেওয়া হয়।
পাবনা-৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর):
এই আসনে প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন হাসান জাফির তুহিন – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ, কে. এম. আনোয়ারুল ইসলাম – স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী), ঘোড়া, মুহাম্মদ আজগার আলী – জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা, আশা পারভেজ – গণফোরাম, উদীয়মান সূর্য, আব্দুল খালেক – ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই), হাতপাখা, মাহবুবুর রহমান জয় চৌধুরী – স্বতন্ত্র প্রার্থী, একতারা, মীর মোহাম্মদ নাদিম হোসেন ডাবলু – জাতীয় পার্টি, লাঙ্গল।

পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া):
এই আসনে প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন হাবিবুর রহমান হাবিব – বিএনপি, ধানের শীষ, আবু তালেব মন্ডল – জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা,জাকারিয়া পিন্টু – স্বতন্ত্র প্রার্থী ,মোটরসাইকেল, শাহানাজ হক – স্বতন্ত্র প্রার্থী, কেতলি, আনোয়ার শাহ – ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা, সোহাগ হোসেন – বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), কাস্তে, সাইফুল আজাদ মল্লিক – জাতীয় পার্টি, লাঙ্গল।
পাবনা-৫ (সদর):
এই আসনে প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস – বিএনপি ধানের শীষ, অধ্যাপক ইকবাল হুসাইন – জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা, আব্দুল মজিদ মোল্লা – এবি পার্টি, ঈগল পাখি, মুফতি নাজমুল হুসাইন – ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা।

প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সবাই শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন এবং নির্বাচন কমিশনের বিধি মেনে প্রচারণা চালানোর অঙ্গীকার করেন।
পাবনা-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, তিনি বিভেদ ও সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করেন না। তার কর্মী-সমর্থকরাও শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে নিয়মতান্ত্রিকভাবে প্রচারণা চালাবেন। তিনি সম্ভাব্য সব ভোটারের কাছে গিয়ে ভোট চাইবেন এবং জনগণের মঙ্গল ও পাবনার উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে নির্বাচন কমিশন পাবনা-১ (সাঁথিয়া) ও পাবনা-২ (বেড়া–সুজানগর) আসনে পুনঃতফসিল ঘোষণা করেছে। এর ফলে ওই দুই আসনের প্রার্থীরা পুনরায় মনোনয়নপত্র উত্তোলন করেছেন। সংশ্লিষ্ট দুই আসনে আগামী ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
