ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী হাবিবের মতবিনিময়

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
জানুয়ারি ২৪, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীর প্রাণকেন্দ্র রেলওয়ে গেটে ফ্লাইওভার নির্মাণ ঈশ্বরদীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি—এ দাবি পূরণের আশ্বাসসহ একগুচ্ছ উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ (আটঘরিয়া- ঈশ্বরদী) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল আলম–এর সভাপতিত্বে এবং ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশ–এর সঞ্চালনায় আয়োজিত সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ঈশ্বরদীর রেলওয়ে গেটে ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি ঈশ্বরদী প্রেসক্লাবের জন্য একটি আধুনিক বহুতল ভবন নির্মাণ করা হবে। একই সঙ্গে সকল সংবাদকর্মীর সমন্বয়ে একটি মাত্র শক্তিশালী প্রেসক্লাব গড়ে তোলা হবে। মৌসুমি সবজি সংরক্ষণের জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত হিমাগার নির্মাণ এবং ঈশ্বরদী সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, লিচুর রাজধানী খ্যাত ঈশ্বরদীতে লিচু সংরক্ষণের জন্য সংরক্ষণাগার ও কৃষকের স্বার্থে একটি লিচু গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে। এলাকার সব ধরনের রাস্তা সংস্কার ও পাকাকরণের পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মীদের জন্য একটি ৮ তলা ভবন নির্মাণ করা হবে। শিশুদের জন্য শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে একটি শিশুপার্ক এবং সাংস্কৃতিক বিকাশে একটি মুক্তমঞ্চ নির্মাণ করা হবে।

এছাড়া ঈশ্বরদীর অবহেলিত বিমানবন্দর চালু করা হবে এবং ইপিজেডের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ঈশ্বরদীবাসীর ভোগান্তি লাঘবে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনকে আধুনিক স্টেশনে রূপান্তর করা হবে এবং ঈশ্বরদী–ঢাকা রুটে নতুন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান চলাকালে কোনো কোচিং সেন্টার পরিচালনা করতে দেওয়া হবে না। ঈশ্বরদীকে শতভাগ মাদকমুক্ত করার পাশাপাশি সুস্বাস্থ্য নিশ্চিত করতে ঈশ্বরদী স্টেডিয়ামকে আধুনিক স্টেডিয়ামে রূপান্তর করা হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পাবনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা নির্বাচনী প্রচারণা কমিটির সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক প্যানেল মেয়র শামসুর রহমান, আনোয়ার হোসেন ডাবলু, আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, হাসান আলী বিশ্বাস, শরীফুল ইসলাম শরীফ, ইনামুল হক এনামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!