পাবনার সদর উপজেলার উত্তর রঘুনাথপুর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অভিযানে একটি বিদেশী রিভলভারসহ দুইজন অস্ত্রধারী আসামীকে গ্রেফতার করা হয়েছে।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে র্যাব-১২ এর অধিনায়ক সিরাজগঞ্জের নির্দেশনায় র্যাব-১২ সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান (এস) বিএন ও স্কোয়াড কমান্ডার এএসপি ডলি রানী সরকারের নেতৃত্বে একটি আভিযানিক দল উত্তর রঘুনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ জব্বার প্রামানিক (৪২), পিতা-মৃত মোঃ আব্দুর রশিদ, সাং-ঘোষপুর আটরশি পাড়া, ডাকঘর-শিলাইদহ, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া এবং মোঃ গুলজার হোসেন (৩৫), পিতা-মোঃ হজরত মোল্লা, সাং-হাসানপুর, ডাকঘর-মাহমদপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা।
এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র (বিদেশী রিভলভার), একটি রিভলভার কভার, দুইটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।
প্রেস রিলিজে উল্লেখ করা হয়, উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
