আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাঐকোলা (মাদ্রাসা পাড়া) গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোখাদ্যসহ ৬টি গরু পুড়ে ভস্মীভূত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ গোয়ালঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে ব্যর্থ হন।
ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের মোট ৬টি গরু পুড়ে মারা গেছে। ক্ষতিগ্রস্তরা হলেন—আমজাদ সরদারের ২টি, সলিম সরদারের ২টি এবং মনিরুল সরদারের ২টি গরু।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয়দের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানের দাবি জানানো হয়েছে।
