ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করবে। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও সরাসরি ভাষণটি প্রচার করবে।

দিনের শুরুতেই ছিল ব্যস্ত কর্মসূচি। নির্ধারিত সময় অনুযায়ী বুধবার দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) নিজের কার্যালয়ে প্রথম কর্মদিবস শুরু করেন তিনি।

এর আগে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এ গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। বেলা ১১টার দিকে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এক মিনিট নীরবতা পালন করেন। পরে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

সাভার থেকে ফিরে দুপুর সোয়া ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, দাপ্তরিক কাজের সূচনায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথম নীতিনির্ধারণী বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করান।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!