ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রশ্নফাঁস বন্ধে কঠোর নজরদারি, বেসরকারি শিক্ষকদের বেতন নিয়েও ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

প্রশ্নফাঁস রোধ, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, প্রশ্নফাঁস ও নকল আর ফিরে আসবে না। অতীতে এটি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল, এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

বেসরকারি শিক্ষকদের কম বেতন ও সীমিত সুযোগ–সুবিধার বিষয়ে মন্ত্রী বলেন, সরকার বিষয়টি সম্পর্কে অবগত আছে। সময় হলে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, অতীতে কে কী করেছে, তার জবাবদিহি আমরা দেব না। তবে আমার সময়ে দুর্নীতি হয়নি এবং এবারও হবে না। এমপিওভুক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নিয়ে খোঁজখবর নিয়ে পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ইঙ্গিত দিয়ে আ ন ম এহসানুল হক মিলন বলেন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। কারিকুলাম পর্যালোচনা, ডিজিটাল লিটারেসি এবং ইংরেজি দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ব্যাকডেটেড শিক্ষাব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!