আটঘরিয়া উপজেলায় নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে পিতা লোকমান হোসেন (৫০) নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার মাজপাড়া ইউনিয়নের হাড়লপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত ছেলে কামরুল ইসলাম (৩০)কে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন। তিনি বিভিন্ন সময় তার পিতার কাছে টাকার জন্য চাপ দিতেন। কিন্তু তার পিতা লোকমান হোসেন টাকা দিতে অস্বীকৃতি জানান। ঘটনার দিন কামরুলের মা মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে গেলে ঘরে একা থাকা অবস্থায় ঘুমন্ত পিতার ওপর ধারালো ছুরি দিয়ে হামলা চালায় সে। এতে লোকমান হোসেন গুরুতর আহত হন।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পর আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
