ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যা মামলার আসামি পলাতক

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

আটঘরিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে লাইলী বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।

নিহত লাইলী বেগম উপজেলার মজপাড়া ইউনিয়নের কচুরামপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের মেয়ে। তার স্বামী আব্দুল কুদ্দুস সড়াবারিয়া গ্রামের মৃত কিয়ামুদ্দিনের ছেলে। স্থানীয়দের দাবি, আব্দুল কুদ্দুস শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন এবং পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে বিরোধ লেগে থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি পারিবারিক বিরোধের একপর্যায়ে লাইলী বেগমকে নিজ বাড়িতে বেধড়ক মারধর করেন তার স্বামী। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৮ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে রাজশাহীতে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!