ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর লোকোশেডের মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে : হাবিবুর রহমান হাবিব

মোতাহারুল ইসলাম লাভলু, বার্তা সম্পাদক:
জুন ১, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীর লোকোশেডকে মাদকের আড্ডা উল্লেখ করে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রয়োজন হলে মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, নিরীহ মানুষের ওপর হামলা কিংবা চাঁদাবাজির ঘটনা আর সহ্য করা হবে না।

রবিবার (৩১ মে) বিকেল ৫টায় ঈশ্বরদী পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, “কোনো মাস্তান, সন্ত্রাসী বা চাঁদাবাজের কাছে জীবনে মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না। ভোটের জন্য কখনো সন্ত্রাসীদের দ্বারস্থ হইনি। জনগণের শক্তিতেই রাজনীতি করি এবং জনগণকে নিয়েই একটি সুন্দর ঈশ্বরদী গড়ে তুলতে চাই।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “কোনো সন্ত্রাসী বা দল থেকে বহিষ্কৃত নেতার কথামতো তাদের পাহারা দেবেন না। সরকারি পুলিশ ও সরকারি অস্ত্র কোনো সন্ত্রাসীর নিরাপত্তার জন্য ব্যবহার হতে পারে না। বিএনপির সাংগঠনিক কাঠামো রয়েছে, সেটিকে উপেক্ষা করে সন্ত্রাসীদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই।

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, “যা যা করা প্রয়োজন, আমি তাই করব। প্রয়োজনে লোকোশেড এলাকার মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। প্রতিদিন নিরীহ মানুষকে মারধর, ভয়ভীতি ও চাঁদাবাজি আর চলতে পারে না। ভবিষ্যতে কারও কাছ থেকে চাঁদাবাজি করা হলে কিংবা কোনো নিরীহ মানুষের ওপর হামলা হলে বিএনপির নেতাকর্মীদের জানাবেন। আমরা এসব অপকর্ম চিরতরে বন্ধ করতে চাই।”

তিনি আরও বলেন, দল থেকে বহিষ্কৃত ব্যক্তি এবং যারা দলের প্রার্থীদের বিরুদ্ধে কাজ করেছে, তাদের আর বিএনপিতে জায়গা দেওয়া হবে না। দলকে সুসংগঠিত রাখা গেলে আগামী নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুল রহমান বাবলুর সভাপতিত্বে এবং ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের সঞ্চালনায় সভায় উপজেলা যুবদল, কৃষকদল, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি -এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!