নাটোরের লালপুর উপজেলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
লালপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মজিবর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় সোমবার (১ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে পাবনা জেলার ঈশ্বরদী থানায় দায়ের করা জাল-জালিয়াতির মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি মো. তুফান হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তুফান হোসেন লালপুর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমানের ছেলে।
মামলার রায়ে পাবনার বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা তুফান হোসেন নিজ বাড়িতে অবস্থান না করে কৌশলে আব্দুলপুর রেলওয়ে কলোনি এলাকায় আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
