পাবনার আটঘরিয়া উপজেলায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রিয়াজ উদ্দিন খাঁ (৭৪) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) ভোররাতে উপজেলার সঞ্জয়পুর এলাকার গাড়া বিলে মুরাদ হোসেনের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন খাঁর বাড়ি চাঁদভা ইউনিয়নের বাঔখোলা গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি মাছ ধরার পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার দিন ভোররাতে অন্যান্য জেলেদের সঙ্গে তিনি গাড়া বিলের ওই পুকুরে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে জাল টানার সময় তিনি জালের মাঝামাঝি স্থানে অবস্থান করে জালের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন।
সহকর্মী জেলেদের ভাষ্যমতে, হঠাৎ করেই রিয়াজ উদ্দিন খাঁ পানিতে তলিয়ে যান। পরে তাকে দেখতে না পেয়ে অন্য জেলেরা দ্রুত খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পর পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
স্থানীয় জেলেরা জানান, “ভোররাতে আমরা সবাই মিলে পুকুরে জাল ফেলেছিলাম। রিয়াজ ভাই জালের মাঝখানে ছিলেন। হঠাৎ তিনি পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।”
এদিকে, প্রবীণ এই জেলের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
