ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ দুইজনের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি :
জুন ১৬, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোরের লালপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) রাতে উপজেলার ভাদুর বটতলা ও পালিদেহা নামক স্থানে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

নিহতরা হলেন উপজেলার জোকাদহ গ্রামের মৃত সাজু উদ্দিনের ছেলে নবীর আলী (৯৪) ও পালিদেহা গ্রামের সুকুমা কর্মকারের ছেলে শ্যামল কর্মকার (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে লালপুর উপজেলার ভাদুর বটতলা এলাকায় রাস্তা পারাপরের সময় ঈশ্বরদীগামী একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল নবীর আলী (৯৪) নামে এক বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই দিন রাত ৮টার দিকে উপজেলার পালিদেহা এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় শ্যামল কর্মকার (৫২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দুইটি দুর্ঘটনার ঘটনায় থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!