পাবনার আটঘরিয়া উপজেলায় গরু টানা গাড়ির ধাক্কায় মনোয়ারা খাতুন (৬০) নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দেবোত্তর ইউনিয়নের উত্তর চক জালালের ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা খাতুন চাঁদপুর গ্রামের মৃত বারেকের স্ত্রী। তিনি দুই কন্যা সন্তানের জননী। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়। এরপর থেকে দুই মেয়েকে নিয়ে কষ্টের মধ্যেই জীবনযাপন করছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জালালের ঢাল এলাকায় চলাচলের সময় একটি গরু টানা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মনোয়ারা খাতুন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলে তার মৃত্যু হয়।
দেবোত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মোল্লা বলেন, মনোয়ারা খাতুনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবাইকে চলাচলের সময় সতর্ক থাকার আহ্বান জানান।
