ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বিভাজন সৃষ্টিকারীদের পায়ের নিচে মাটি নেই: শরিফুল ইসলাম তুহিন

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
আগস্ট ২৬, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে দলে বিভাজন সৃষ্টিকারী ও বিভাজন সৃষ্টির চেষ্টাকারীদের কঠোর সমালোচনা করেছেন ঈশ্বরদী উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব মো. শরিফুল ইসলাম তুহিন। তিনি বলেছেন, ‘আজকে দলে যারা বিভাজন সৃষ্টি করছে, যারা বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে, তাদের পায়ের নিচে মাটি নেই। বিদায়ের সময় তাদের।’

২৫ আগষ্ট  ২০২৬ মঙ্গলবার সন্ধায় যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শরিফুল ইসলাম তুহিন বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আমরা এ রকম অনেক নাটক দেখেছি। সেই নাটকের সমাপ্তি কীভাবে হয়েছে, আপনারা সবাই জানেন। তাই এই নাটককে আমরা অতটা গ্রাহ্য করছি না।’

তিনি বলেন, ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটির সামনে এখন প্রধান লক্ষ্য সংগঠনকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করা। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন কর্মসূচি পালন করা হবে, যার মাধ্যমে ঈশ্বরদীবাসীসহ পাবনা জেলার নেতৃবৃন্দ দেখতে পারবেন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি কতটা সুসংগঠিত।

প্রশাসনের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘এতদিন আপনারা যেভাবে দুই গ্রুপকে ব্যালেন্স করছিলেন, আজকে সেই পরিস্থিতি নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরদীতে কারা নেতৃত্ব দেবেন, কারা সাংগঠনিক দায়িত্বে থাকবেন, সেটা নির্ধারিত হয়ে গেছে। তাই এ নিয়ে আমরা প্রশাসনের আর কোনো নাটক দেখতে চাই না।’

শরিফুল ইসলাম তুহিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও বিএনপির ব্যানার ব্যবহারের অধিকার দলবহির্ভূত বা বহিষ্কৃত ব্যক্তিদের নেই।

তিনি বলেন, বহিষ্কৃত ব্যক্তিদের বিএনপি গ্রহণ করবে না। তবে যারা এখনো বহিষ্কৃত নন, অতীতে দলের জন্য কাজ করেছেন এবং দলীয় গাইডলাইন মেনে চলতে চান, তারা কেন্দ্র ও জেলা অনুমোদিত নেতৃত্বের পতাকাতলে ফিরে এলে তাদের গ্রহণ করা হবে।

তুহিন বলেন, ‘আপনারা যদি আবারও এই ব্যানার নিয়ে নাটক করেন, তাহলে ঈশ্বরদী উপজেলা বিএনপির কোনো নেতাকর্মী তা সহ্য করবে না।’

নেতাকর্মীদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে কোনো কর্মীর গায়ে হাত পড়লে এর দায়দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। কোনো অসংগঠিত গোষ্ঠীকে প্রশ্রয় দিয়ে বিএনপির বিকল্প শক্তি হিসেবে দাঁড় করানোর সুযোগ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব বলেন, আগামী দিনের দলীয় কর্মপরিকল্পনা দ্রুত সাজানো হবে। উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে একত্র করে একটি পূর্ণাঙ্গ সাংগঠনিক রূপরেখা দেওয়া হবে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির পর সেই রূপরেখা নেতাকর্মীদের সামনে তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, ‘দলের প্রতিষ্ঠাবার্ষিকী অবশ্যই ঈশ্বরদীর মাটিতে ঈশ্বরদীতেই হবে। যে যেভাবেই নিক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক। আমরা আমাদের সংগঠনকে নিয়ে অবশ্যই রাজপথে থাকব।’

ধানের শীষের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তুহিন বলেন, যারা ধানের শীষের আদর্শ ধারণ করেন, তারা যেন কখনো অন্যদিকে না যান। সবাইকে দলীয় পতাকাতলে থেকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনের জন্য কাজ করতে হবে।

যুবদল নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই এই দলের প্রাণভোমরা। আপনাদের মাধ্যমেই সব অপশক্তি প্রতিহত করে দলকে একটি শক্তিশালী জায়গায় নিয়ে যেতে হবে।’

আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

মতবিনিময় সভা শেষে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ঈশ্বরদী উপজেলা যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!