ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে গভীর রাতে অভিযান, অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি:
মে ৩১, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় পৃথক দুটি স্থানে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩১ মে ২০২৬) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ঢুষপাড়া এলাকায় এক্সকেভেটর ব্যবহার করে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে মাটি কাটার সত্যতা পাওয়া গেলে শামীম (৫০) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এরপর রাত আনুমানিক আড়াই টার দিকে উপজেলার কয়লার ডহর এলাকায় পদ্মা নদীর চর থেকে এক্সকেভেটর ও ট্রাক্টর ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহবুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তি ইটভাটার কাজে ব্যবহারের জন্য মাটি কাটার বিষয়টি স্বীকার করলে তাকে একই আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবির হোসেন জানান, কৃষিজমি ও নদী রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!