ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, উদ্যোক্তাদের ঋণ ও গাছের চারা বিতরণ

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
জুলাই ৬, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পল্লী উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ, গাছের চারা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), আটঘরিয়ার যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মারফুদ-উল-ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন আলম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, হিসাবরক্ষক মাহমুদুল আলম এবং আব্দুল কাদের।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মারফুদ-উল ইসলাম বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত সেবা সপ্তাহ উপলক্ষে ৪০ জন পল্লী উদ্যোক্তার মধ্যে ঋণ বিতরণ, গাছের চারা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ৩০ জন নারীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম বলেন, দেশের টেকসই উন্নয়নের মূলভিত্তি গ্রাম। তাই গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে পল্লী উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!