পাবনার আটঘরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিদুল ইসলামের সঙ্গে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এ সভায় স্বাগত বক্তব্য প্রদান ও সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত ইউএনও মো. তাহমিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী বীর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বেলায়েত হোসেন মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আবু মোতালেব, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা গাজী কনকসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ।
মতবিনিময় সভায় ইউএনও মো. তাহমিদুল ইসলাম বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান ও অধিকার রক্ষায় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে। মুক্তিযোদ্ধাদের যেকোনো সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”
সভায় উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থেকে নিজেদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে তারা মুক্তিযোদ্ধাদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
