পাবনার আটঘরিয়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন তাহমিদুল ইসলাম। তিনি বিদায়ী ইউএনও ফারজানা আক্তারের স্থলাভিষিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
রবিবার (৭ জুন) বিকেলে উপজেলা প্রশাসন কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত ইউএনও তাহমিদুল ইসলাম বলেন, চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করা, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সুশাসন নিশ্চিত করাই হবে তার প্রধান অগ্রাধিকার।
তিনি আরও বলেন, “জনগণের সেবা নিশ্চিতের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ গুরুত্ব দেব।”
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
